ভোলা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভোলার লালমোহনে একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে তালা দিয়েছে পুলিশ। এ সময় একজনতে গ্রেপ্তারও করা হয়।
সোমবার বিকালে উপজেলা সদরে ফেমাস বাংলা ওয়েলফেয়ার সোসাইটি অফিসে তালা দেওয়ার সময় কামরুল ইসলাম নামে সংস্থার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
লালমোহন থানার ওসি শিলমণি চাকমা সাংবাদিকদের বলেন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার ছয় শতাধিক প্রাক-প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা এবং ওইসব বিদ্যালয়ে শিক্ষক, সুপারভাইজার ও কর্মকর্তা নিয়োগের নামে শত শত তরুণ-তরুণীর কাছ থেকে টাকা নিয়েছে সংস্থাটি।
কিন্তু মাঠ পর্যায়ে কোনো কার্যক্রম না দেখে চাকরি প্রত্যাশীরা পুলিশকে বিষয়টি জানায়।
ওসি আরো বলেন, অভিযান চালানোর সময় অন্যরা পালিয়ে যায়। পুলিশ কার্যালয় থেকে একটি কম্পিউটার জব্দ করে এবং কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২১৪ ঘ.
bdnews24