ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংক্ষিপ্ত শুনানি করে একটি হত্যা মামলার আসামিদের খালাস দেওয়ায় শরীয়তপুরের জেলা জজ মো. সাজেদুল করিমকে তলব করেছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।
কুড়িগ্রামের বিচারক থাকার সময় দেওয়া খালাসের ওই রায়ের বিষয়ে ব্যাখ্যা দিতে সাজেদুল করিমকে আগামী ১৫ মে হাই কোর্টে হাজির হতে হবে।
দৈনিক ইনকিলাবে গত ২৩ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে আদালত তলবের এই আদেশ দেয়।
ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই আদেশ দেওয়ার সময় সাজেদুল করিম কুড়িগ্রামে কর্মরত ছিলেন। মাত্র তিন দিন শুনানির পর বদলির একদিন আগে গত ১৯ মার্চ তিনি একটি হত্যামামলার আসামিদের খালাস দিয়ে দেন।
“তিনি যা করেছেন তা নজিরবিহীন”, বলেন আলতাফ।
রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পূর্বপাড়ার দছিজল হকের ছেলে সৌদিপ্রবাসী জাহাঙ্গীর আলম সোহাগের বাড়িতে গৃহকর্মী শিল্পী খাতুনের (১২) অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় এই হত্যামামলাটি হয়, যাতে আসামিরা খালাস পান। শিল্পী ওই গ্রামেরই মৃত সহিদুল ইসলামের মেয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১৫১ ঘ.
bdnews24