মঞ্জুর আহমদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিলেট, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর পাসের হারে সবচেয়ে এগিয়ে সিলেট শিক্ষা বোর্ড। এ বোর্ড থেকে ৮ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হতে না পারলেও পাসের হারের পাশাপাশি বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
সোমবার বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ২০১২ সালের এসএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. মনির উদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব অজয় কুমার দাস।
ফলে সন্তোষ প্রকাশ করে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. মনির উদ্দিন বলেন, “সিলেট শিক্ষা বোর্ড প্র্রতিষ্ঠার পর এটাই সবচেয়ে ভালো ফল। এ অঞ্চলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করছি।”
বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
এবারের এসএস সি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ড থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৫৮ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৩ হাজার ৫৭৯ জন। শতকরা হিসেবে পাসের হার ৯১ দশমিক ৭৮ শতাংশ।
গতবছর পাসের হার ছিল ৮১ দশমিক ২৩।
জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬১১ শিক্ষার্থী, যা গতবছরের চেয়ে ৪৬৩ জন বেশি। এ বছর সিলেট বোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক ১৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ব্লু-বার্ড হাইস্কুল থেকে।
এ ছাড়া সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৩৭ ও শাহজালাল জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১১৮ শিক্ষার্থী।
শূন্য পাসের স্কুল ‘শূন্য’
পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ার বাইরে মোটা দাগে সিলেট শিক্ষা বোর্ডে এবারের অন্যতম সাফল্য- কেউ উত্তীর্ণ হতে পারেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাছাড়া বোর্ডে ৭৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১২১টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে।
ফলে এগিয়ে ছেলেরা
এ বছর ফলাফলে এ বোর্ড থেকে এগিয়ে রয়েছে ছেলেরা। ২৫ হাজার ৮৬২ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৩ হাজার ৮৯৩ জন। ছেলেদের পাসের হার ৯২ দশমিক ৩৯ শতাংশ।
আর মেয়েদের মধ্যে ৩২ হাজার ৫১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯ হাজার ৬৮৬ জন। মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৩০ ভাগ।
জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ১ হাজার ৫৭১ জন ছেলে এবং ১ হাজার ৪০ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।
বিজ্ঞানে ভালো ফল
বিজ্ঞান বিভাগ থেকে এবার ১০ হাজার ১৩৩ জন পরিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৭৯৪ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৬৫ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১১০ জন।
মানবিক বিভাগ থেকে এবার ৪৩ হাজার ১৮১ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৯ হাজার ২০ জন। পাসের হার ৯০ দশমিক ৩৬ শতাংশ। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৪২ জন।
এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫ হাজার ৬২ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪ হাজার ৭৬৫ জন। এ বিভাগে পাসের হার ৯৪ দশমিক ১৩ শতাংশ। এ বিভাগ থেকে ২৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বোর্ড সেরা ২০ স্কুল
পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার হিসেবে সিলেট শিক্ষা বোর্ডে সেরা ২০টি স্কুলের মধ্যে প্রথম স্থানে রয়েছে সিলেট ক্যাডেট কলেজ। দ্বিতীয় ও তৃতীয়তে রয়েছে যথাক্রমে ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয় ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
বাদবাকি ১৭ প্রতিষ্ঠানের মধ্যে ক্রম অনুযায়ী ভালো করেছে, জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেটের স্কলার্স হোম, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দি-বার্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জের বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, ধর্মঘর সরকারি গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী উচচ বিদ্যালয়, সিলেট বোর্ডার গার্ড পাবলিক স্কুল, শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হাই স্কুল, শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয়, সমসের নগর হাজি মো. উস্তাওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার দি ফ্লাওয়ার এস কে জি উচ্চ বিদ্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৩২ ঘ.
bdnews24