চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বাড়ি থেকে গৃহকর্তা, গৃহকর্ত্রী ও তাদের দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন পল্লী চিকিৎসক প্রকাশ বড়–য়া (৪০)।
রাঙ্গুনিয়া পৌর এলাকার উত্তর ঘাটচেক সোনাইছড়ি রাজবিহার পাড়ায় ওই বাড়িতে প্রকাশের স্ত্রী রোজী বড়–য়া (৩৫), তাদের দুই সন্তান সীমান্ত বড়–য়া (৮) ও সোমা বড়–য়ার (৬) লাশও পাওয়া যায়।
পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১০টার মধ্যে কোনো এক সময় এই ‘হত্যা ও আত্মহত্যার’ ঘটনা ঘটে বলে মনে করছেন হাটহাজারী সার্কেলের এএসপি বাবুল আক্তার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল ১০টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটেছে। প্রথমে স্ত্রী ও পরে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর সে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।”
পুলিশ গিয়ে প্রকাশ বড়–য়ার লাশ বিছানার ওপর থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ছোট প্যাডের ছয় পাতায় প্রকাশের লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। সেখানে পাওয়া গেছে নাইলনের রশিও।
রাঙ্গুনিয়া থানার ওসি এম মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে সিলিংয়ের সঙ্গে ঝুলে থাকা লাশটি (প্রকাশের) কে নামিয়েছে, তা আমরা খতিয়ে দেখছি।”
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠায়।
পারিবারিক কলহের জের ধরে পল্লী চিকিৎসক প্রকাশ এই ঘটনা ঘটিয়েছে বলে এএসপির ধারণা।
বাবুল আক্তার বলেন, “স্থানীয় লোকজন ও তার বোনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের সঙ্গে আশেপাশের লোকজনের কোনো বিরোধ ছিল না।”
প্রকাশ আত্মহত্যার আগে শনিবার সকাল ৬টা ও ৯টার দিকে তার বোন শুক্লা বড়–য়ার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন বলে পুলিশ জেনেছে।
“এতে ধারণা করছি, শুক্রবার রাতে স্ত্রী, দুই সন্তান এবং শনিবার সকাল ৯টার পর নিজে আত্মহত্যা করে থাকতে পারেন,” বলেন পুলিশ কর্মকর্তা বাবুল।
বৌদ্ধ ধর্মের প্রকাশ পরিবারের অমতে ১০ বছর আগে হিন্দু ধর্মের রোজীকে ভালোবেসে বিয়ে করেন। তাদের দাম্পত্যে তেমন কোনো কলহ না থাকলেও সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহণ নিয়ে দুজনের মধ্যে জটিলতা ছিল বলে পুলিশ জানায়।
এএসপি বাবুল লিখে যাওয়া চিরকুটের বরাত দিয়ে বলেন, “আত্মহত্যাকারী প্রকাশ তার চিরকুটে লিখেছে, নাইলনের দড়ি দিয়ে প্রথমে স্ত্রী, দুই সন্তানকে হত্যার পর নিজেও সিলিংয়ে ঝুলতে যাচ্ছেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।”
চিরকুটের লেখার সঙ্গে প্রকাশের হাতের লেখায় মিল রয়েছে বলে তার শ্যালক বাপ্পা দাশ পুলিশকে জানিয়েছেন।
এ ঘটনায় প্রকাশের কাকা প্রিয়রঞ্জন বড়–য়া বাদি হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
ওসি জানান, ময়নাতদন্তের পর লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে বৌদ্ধ পূর্ণিমার একদিন আগে এই ঘটনায় ওই এলাকার মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৫২ ঘ.
bdnews24