২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী ও ২ সন্তানকে হত্যার পর আত্মহত্যা

পারিবারিক কলহের কারণে দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 07:31 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। শনিবার সকালে ঘটনাস্থল থেকে চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রাঙ্গুনিয়া পৌর এলাকার উত্তর ঘাটচেক সোনাইছড়ি গ্রামের রাজ বিহার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৃত হেমরঞ্জন বড়–য়ার পুত্র পল্লী চিকিৎসক ডা. প্রকাশ বড়–য়া (৪০), তার স্ত্রী উজী বড়–য়া (৩৫), তাদের দুই সন্তান সীমান্ত বড়–য়া (৮) ও সোমা বড়–য়া (৬)। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, পারিবারিক কলহের কারণে প্রকাশ তার দুই সন্তান ও স্ত্রীকে হত্যা করে। হাটহাজারী সার্কেলের এএসপি বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতের যেকোনো সময়ে প্রকাশ তার স্ত্রী ও সন্তানদের হত্যা করে সেও আত্মহত্যা করে। ঘরের সিলিংয়ের সঙ্গে প্রকাশের লাশ ঝুলে ছিল। এএসপি আরো জানান, শনিবার সকালে আশেপাশের লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে দশটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে প্রকাশের স্ত্রী-সন্তানদের ও ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। বাবুল আক্তার জানান, তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলেও চিরকুটে লিখে গেছেন প্রকাশ। এতে পারিবারিক কলহের কারণে স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যার কথা লেখা রয়েছে। রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমডি/এসইউ/১৩৫৫ ঘ.