যশোর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের অভয়নগরে বোমা হামলায় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।
রফিকুল উপজেলার নওয়াপাড়া পৌরসভার মডেল কলেজ রোডের আমির আলীর ছেলে।
শুক্রবার রাতে উপজেলার বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা এই হামলা চালায় বলে জানান অভয়নগর থানার ওসি আহসান হাবিব।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টায় রফিকুল নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীদের বোমা হামলায় ঘটনাস্থলেই তিনি মারা যান। বোমায় রফিকুলের মাথা ও বুক ছিন্নভিন্ন হয়ে যায়।
লাশ যশোর সদর হাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান ফরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার প্রতিবাদে রাত সোয়া ৯টার দিকে নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৭ ঘ.
bdnews24