বরগুনা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- বঙ্গোপসাগরে টহলে গিয়ে কোস্টগার্ডের নয় সদস্যসহ ১৩ জন বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন।
এরমধ্যে রয়েছেন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশিদ, মারফত পিউ, লেফটেন্যান্ট কর্পোরাল সজিব, কর্পোরাল শাহিন, মিজান, মামুন ও মোস্তাকিন। বাকিদের নাম জানা যায়নি।
তাদের সন্ধানে তিনটি দল বের হয়েছে বলে পাথরঘাটা কোস্টগার্ডের লে. কর্পোরাল আকরাম হীরা জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশনের সাত সদস্য, ট্রলার চালক ইসমাইল হোসেন ও সোর্সসহ মোট ১১ জন বঙ্গোপসাগরে নিয়মিত টহলে বের হন। যাওয়ার পথে নিদ্রা সকিনা থেকে আরো দুই কোস্টগার্ড সদস্যকে ট্রলারে তুলে নেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত কোস্টগার্ড সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি কিভাবে তারা নিখোঁজ হয়েছেন।
ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে দু’দফা কালবৈশাখী ঝড়ে তারা নিখোঁজ হয়ে থাকতে পারেন। এছাড়া সাগরও উত্তাল রয়েছে, বলেন কোটস্টগার্ড কর্মকর্তা।
শুক্রবার রাত পৌনে ৯টায় কোস্টগার্ড কর্মকর্তা হীরা বলেন, পাথরঘাটা কোস্টগার্ডের একটি টিম, কুয়াকাটা থেকে একটি টিম এবং শরণখোলা থেকে কোস্টগার্ডের তিনটি টিম তাদের সন্ধানে অভিযান চালাচ্ছেন।
কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন সেলিম এই নিখোঁজের কথা স্বীকার করে বলেন, “আমরা তাদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৬ ঘ.
bdnews24