২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে দু’বছর জেল খেটে ফিরেছে ১৪ নারী

কাজের সন্ধানে গিয়ে দুই বছর ভারতের কারাগারে থেকে ১৪ বাংলাদেশি নারী দেশে ফিরেছে। এরমধ্যে একজনের সঙ্গে তার শিশুপুত্রও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

বেনাপোল (যশোর), মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজের সন্ধানে গিয়ে দুই বছর ভারতের কারাগারে থেকে ১৪ বাংলাদেশি নারী দেশে ফিরেছে। এরমধ্যে একজনের সঙ্গে তার শিশুপুত্রও রয়েছে। শুক্রবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএএসএফ বেনাপোল চেকপোস্ট শুল্ক পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এরা হলেন- যশোরের লিমা (২২), সুইটি (২০), শেফালি (২৪), তার ছেলে আব্দুল্লাহ (২), নড়াইলের ফজিলা (২২), খাদিজা (২৩), বেবি (১৯), রুমা (২৩), চায়না (২৫), সাতক্ষীরার তানিয়া (২৩), গাজীপুরের আকলিমা (২১), ঝিনাইদহের শেফালি (২৫), বরিশালের শামসুন্নাহার (২৬), পটুয়াখালীর দুলারাণী (২২) ও মাদারীপুরের শাকিলা (২১)। সাতক্ষীরার তানিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বছর আগে ভাল কাজের আশায় দালালের মাধ্যমে তারা ভারতে যান। মহারাষ্ট্রে গেলে পুলিশের হাতে আটক হন। এরপর পুলিশ আদালতে নিলে তাদের কারাগারে পাঠানো হয়। এরপর থেকে সবাই পুনের একটি কারাগারে আটক ছিলেন বলে জানান তানিয়া। বেনাপোল চেকপোস্ট শুল্ক পুলিশের ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংগঠন পুনে কারাগার থেকে ১৪ নারীকে মুক্ত করে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে তারা ওই বাংলাদেশিদের ফেরত পাঠানোর ব্যাপারে যশোরের রাইটস নামে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ বলে জানান ওসি। রাইটস’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, বাংলাদেশিদের ফেরত আনার জন্য ২০১১ সালের অগাস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। ভারতের রেসকিউ ফাউন্ডেশনও বিষয়টি জানিয়ে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়। দুদেশের মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তাদের ফিরিয়ে আনা হয়েছে। এসময় রেসকিউ ফাউন্ডেশনের চার সদস্যের একটি প্রতিনিধি দলও বেনাপোলে আসে বলে জানান বিনয় কৃষ্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০৯ ঘ.