জামালপুর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরানা পল্টনের একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ দুই গৃহকর্মীকে জামালপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শোভা ও রীনাকে জামালপুর শহরের মধুপুর রোডে ঢাকা থেকে বকশিগঞ্জগামী একটি বাস থেকে গ্রেপ্তার করা হয়।
বকশিগঞ্জ থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, ঢাকার পুরানা পল্টন এলাকার অ্যাডভোকেট রেদানুল বারীর ৪১/৩-বি নম্বরের বাড়ি থেকে গত বুধবার (২ মে) ২০ ভরি স্বর্ণালংকার ও বেশ কিছু নগদ টাকা চুরি করে পালায় তাদের গৃহকর্মী শোভা ও রীনা।
এ ঘটনায় গৃহকর্তা পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।
তার সূত্র ধরে বকশিগঞ্জ থানা পুলিশ জামালপুর এই অভিযান চালায়।
পুলিশ তাদের কাছ থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১১ হাজার একশ’ টাকা উদ্ধার করেছে বলেও তিনি জানান।
শোভা শেরপুরের শ্রীবর্দী উপজেলার কামারের চর গ্রামের বিষুর এবং রীনা ইসলামপুরের বেনুয়ার চর এলাকার ফসকে মিয়ার মেয়ে। শোভা ওই বাড়িতে সাত বছর এবং রীনা দেড়মাস ধরে গৃহকর্মীর কার করছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৯ ঘ.
bdnews24