চট্টগ্রাম, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আঁখি আক্তার (৬) নগরীর বাকলিয়া থানার খালেক কলোনির তাহের মিয়ার মেয়ে।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে বাকলিয়া থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ওই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান।
তিনি বলেন, থানার সামনেই একটি আসবাবপত্র বোঝাই ছোটো ট্রাক শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ওই ট্রাকের চালক আবু সৈয়দকে (২২) আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
ময়নাতদন্ত শেষে লাশ শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএইচ/১৯০৮ ঘ.
bdnews24