২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সাবেকরাও

শিক্ষক সমাজ আন্দোলন প্রত্যাহা করে নিলেও উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 09:20 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে সাবেকরাও। এছাড়া আমরণ অনশনে যোগ দিয়েছেন আরো তিন শিক্ষার্থী। এ নিয়ে অনশনকারীর সংখ্যা দাঁড়াল নয়জনে। এদের মধ্যে দুই জন শিক্ষক রয়েছেন। অনশনের চতুর্থ দিনে শুক্রবার যোগ দেওয়া তিন শিক্ষার্থী হলেন- বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোমেনা ইসলাম ঋতু, ফার্মাসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিদম রহমান চৈতী ও প্রতœতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দেবাংশু ঘোষ শুভ। শুক্রবার দুপুর ১টার দিকে প্রায় শতাধিক সাবেক শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। পরে দুপুর দেড়টার দিকে সমাবেশে বক্তব্য রাখেন তারা। সাবেক শিক্ষার্থীদের মধ্যে আছেন- ফারুক ওয়াসিফ, শাহতাব সিদ্দীক অনিক, ফয়সাল রহমান কিশোর, অমিত ধর, শশাঙ্ক বরণ ধর, শিমুল সালাউদ্দিন প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে সংহতি জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও অরুপ রাহী। এর আগে মঙ্গলবার ঢাকা জাতীয় জাদুঘরের সামনে সাবেক শিক্ষার্থীরা এক সমাবেশের মধ্য দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানায়। এদিকে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ডেকে ‘রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য অপেক্ষা’ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ক্যাম্পাসে ফিরে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তারা। তবে প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকরা কর্মসূচি প্রত্যাহার করলেও ভিসি পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। গত ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগের হাতে খুন হওয়ার পর থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে একপ্রকার অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ওই ঘটনায় বিশ্ববিদ্যায় প্রশাসন ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করলেও শিক্ষক নিয়োগের বিরোধিতা করে এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে ধাপে ধাপে আন্দোলন চালিয়ে যায় ‘শিক্ষক সমাজ’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫০০ ঘ.