পাবনা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আটঘড়িয়া উপজেলায় বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬ জন।
বৃহস্পতিবার রাতে উপজেলার একদন্ত ইউনিয়নের চান্দাই গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষে আহত আব্দুল হাই মোল্লা (৫৫) শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আটঘড়িয়া থানার ওসি এনামুল হক জানান, চান্দাই গ্রামের মোহাম্মদ আলী মুন্সির সঙ্গে পার্শ¦বর্তী শরিফ মোল্লার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
“এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষের লোকজন সংগঠিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।”
সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৬ জন আহত হয়। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান হাই মোল্লা।
এ ব্যাপারে আটঘড়িয়া থানায় একটি মামলা হয়েছে।
চান্দাই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৪৫ ঘ.
bdnews24