চট্টগ্রাম, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের দরবার শরিফ থেকে দুই কোটি টাকা লুটের মামলার আসামি র্যাবের সাবেক অধিনায়ক জুলফিকার আলী মজুমদারকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।
চট্টগ্রামের বিচারিক হাকিম আবু সালেম মো. নোমান শুক্রবার এই আদেশ দেন।
আনোয়ারা থানা পুলিশ দুপুরে চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জুলফিকারকে চট্টগ্রামের আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায়। অন্যদিকে জুলফিকারের পক্ষে জামিনের আবেদন জানানো হয়।
শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেয়। আর রিমান্ড আবেদনের শুনানির জন্য ৭ মে দিন রাখেন বিচারক।
জুলফিকারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী শুনানিতে বলেন, “প্রায় আট মাস আগের একটি ঘটনায় সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করতে আমার মক্কেলের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।”
মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ সাংবাদিকদের বলেন, দরবার শরিফের টাকা লুটের ঘটনার প্রাথমিক তদন্তে জুলফিকারের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। ওই টাকার বেশিরভাগই তার কাছে রয়েছে বলে গ্রেপ্তার অন্য আসামিরা বলেছেন।
আসামিদের মধ্যে র্যাবের সাবেক কর্মকর্তা তরুণ কুমার বসু ও আবুল বাশার এবং তাদের সোর্স দিদার ও আনোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও তদন্ত কর্মকর্তা জানান।
২০১১ সালের ৪ নভেম্বর আনোয়ারার তালসরা দরবার শরিফে অভিযান চালানোর নামে সেখান থেকে দুই কোটি সাত হাজার টাকা লুটের অভিযোগে গত ১৩ মার্চ র্যাবের ১২ সদস্যের নামে একটি মামলা হয়। আনোয়ারা থানার ওই মামলায় র্যাব-৭ এর সাবেক অধিনায়ক জুলফিকার আলীকে করা হয় প্রধান আসামি।
ডাকাতির অভিযোগ ওঠার পর ওই র্যাব কর্মকর্তাদের স্ব স্ব বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। র্যাবের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স¤প্রতি জুলফিকারকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়।
আনোয়ারা ও ঢাকার মহানগর পুলিশের এক যৌথ অভিযানে বৃহস্পতিবার ভোরে ঢাকার মগবাজার থেকে গ্রেপ্তার হন জুলফিকার। রাতেই তাকে চট্টগ্রামের আনোয়ারা থানায় নিয়ে যাওয়া হয়।
জুলফিকার থানায় সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি নির্দোষ।
এই মামলার অন্য আসামিরা হলেন- ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদুল হাসান, সুবেদার আবুল বাশার, এসআই তরুণ কুমার বসু, এএসআই হাসানুজ্জামান, নায়েক জাহাঙ্গীর হোসেন,সৈনিক লিটন মিয়া, সায়েক সুমন, সৈনিক আশরাফ, ল্যান্স কর্পোরাল জসিম উদ্দিন এবং র্যাবরে সোর্স দিদার ও আনোয়ার মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৬৩৫ ঘ.
bdnews24