ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সফরে আসা জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদার কাছে পদ্মা সেতুর অর্থায়নের অনুরোধ করে হতাশ হতে হয়েছে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে।
বুধবার ঢাকার একটি হোটেলে জাপানি উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দীপু মনি।
এতে তিনি পদ্মা সেতুতে অর্থায়নের অনুরোধ করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। তবে জাপানি মন্ত্রী এত বড় প্রকল্প জাপানের একার পক্ষে বাস্তবায়ন সম্ভবপর নয় বলে সে অনুরোধ প্রত্যাখ্যান করেন।
বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতে আটকে থাকা পদ্মা সেতু প্রকল্পে জাপানেরও সহায়তা দেওয়ার কথা।
“যেহেতু জাপানের একার পক্ষে এটি সম্ভবপর নয়, তাই জাপান আশা করছে, বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে আলোচনায় গতি আসবে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
দুর্নীতির অভিযোগ ওঠার পর গত বছর পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করে বিশ্ব ব্যাংক। এরপর বিকল্প অর্থের উৎস হিসেবে এই সেতু নির্মাণে গত মাসেই মালয়শিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ।
দীপু মনি জাপানি মন্ত্রীকে বলেছেন, দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও বিশ্ব ব্যাংক কোনো প্রমাণ দেয়নি।
জাপানি মন্ত্রী পদ্মা সেতু নিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে হতাশ করলেও মেট্রো রেল প্রকল্পে অর্থায়নের প্রতিশ্রুতি রক্ষা করা হবে বলে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/০১১৭ ঘ.
bdnews24