২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষককে নাজেহাল করায় ৮ জবি ছাত্র বহিষ্কার

দুই শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ ও নাজেহাল করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আট ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 06:49 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ ও নাজেহাল করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আট ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্ররা হলেন- বাংলা বিভাগের সুমন ও শাহাদাৎ, অর্থনীতি বিভাগের সঞ্জীব বসাক ও মানিক, দর্শন বিভাগের প্রশান্ত ও হিরন্ময় রায় এবং ইসলামের ইতিহাস বিভাগের আতাউল গণি ইমন ও এস এম জোবায়ের হোসেন। একই সঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানাতে নোটিসও দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ঢুকে কয়েক ছাত্র দুই শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ ও তাদেরকে নাজেহাল করে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদকে আহ্বায়ক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান আতিয়ার রহমানকে সদস্য-সচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০৫১ ঘ.