ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুরে মার্কেট নির্মাণে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে একটি হাউজিং প্রকল্পের কাজেও একই সময়ের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
এই দুই প্রকল্প হচ্ছে, চট্টগ্রামের হাটহাজারী থানার মাদারশা শ্রীবিলে এলিট সিটি প্রকল্প এবং বায়েজিদ বোস্তামীর মাঝার পুকুরের পাড় ও একটি অংশজুড়ে নির্মাণাধীন সুলতান আরেফিন হজরত বায়েজিদ বোস্তামী মার্কেট।
এলিট ল্যান্ড লিমিটেড ও জেএমজি হোল্ডিং স্টেট অ্যান্ড ডেভেলপার যথাক্রমে এই দুই প্রকল্প বাস্তবায়ন করছে। আদালত এই দুই প্রকল্পের নির্মাণ কাজে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে।
গত বুধবার দায়ের করা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পৃথক দুটি রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ আসে।
আদালত একইসঙ্গে মাদারশা শ্রীবিলে মাটি ভরাট ও উন্নয়নমূলক কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন ওই কৃষিজমি ও জলাভূমি পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে।
ভূমি সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, পরিবেশ সচিব, স্থানীয় সরকার সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং এলিট ল্যান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুরের পাড়ে ও পুকুরের একটি অংশজুড়ে করা ওই মার্কেটের নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই পুকুর ও এর বিলুপ্ত প্রায় কচ্ছপ সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত।
তিন সপ্তাহের মধ্যে গৃহায়ণ ও গনপূর্ত সচিব, ভূমি সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ ১২ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে ছয় মাসের মধ্যে ওই এলাকাকে পরিবেশগত সঙ্কটাপন্ন এলাকা ঘোষণা করতেও বিবাদিদের নির্দেশ দিয়েছে আদালত।
রিট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট ইকবার কবির লিটন এবং সরকার পক্ষে ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন শুনানি করেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/০০২০ ঘ.
bdnews24