২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ওকাদার বৈঠক

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশে উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়েছেন জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 05:57 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশে উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়েছেন জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুয়া ওকাদা। বৃহস্পতিবার রাতে খালেদার গুলশানের বাড়িতে তার সঙ্গে বৈঠক করেন জাপানি মন্ত্রী। ২৪ ঘণ্টার সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকা পৌঁছানোর পর বিরোধীদলীয় নেতার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ওকাদা। জাপানি উপপ্রধানমন্ত্রীর সঙ্গে খালেদার আলোচনায় পদ্মা সেতুর বিষয়টিও ওঠে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী। বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতে আটকে থাকা পদ্মা সেতু প্রকল্পে জাপানেরও সহায়তা দেওয়ার কথা। শমসের মবিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “কী কারণে সেতু নির্মাণ প্রকল্পের অর্থায়ন বন্ধ আছে, তা তিনি (ওকাদা) জানেন। তিনি বলেছেন, অবকাঠামো খাতে দুর্নীতিমুক্ত পরিবেশ প্রয়োজন।” তিনি বলেন, খোলামেলা পরিবেশে দুই নেতা আলোচনা করেছেন। বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন বিরোধীদলীয় নেতা। “বিনিয়োগের জন্য জাপান রাজনৈতিক স্থিতিশীলতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত দেখতে চায় বলে কাতসুয়া ওকাদা জানিয়েছেন,” বলেন শমসের মবিন। আগামীতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এবং তাতে জনগণ তাদের সঠিক প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেছেন জাপানের উপপ্রধানমন্ত্রী, বলেন বিএনপির সহসভাপতি। তিনি বলেন, খালেদা জিয়া জাপানের সম্রাট এবং প্রধানমন্ত্রীকে তার শুভেচ্ছা পৌঁছে দিতে উপ-প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। খালেদার সঙ্গে জাপানি মন্ত্রীর বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩৫৭ ঘ.