২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইগাতীতে ডায়রিয়া, আক্রান্ত ২ শতাধিক

বিশুদ্ধ খাবার পানির অভাবের কারণে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ব্যাপক ডায়রিয়া দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

শেরপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশুদ্ধ খাবার পানির অভাবের কারণে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ব্যাপক ডায়রিয়া দেখা দিয়েছে। গত ১৫ দিনে দুই শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে হাসপাতাল থেকে জানা গেছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ২০ জন রোগীকে চিকিৎসাধীন দেখা গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স বেলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতটি ইউনিয়ন থেকে প্রতিদিন গড়ে ১৫/২০ জন করে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। ১৫ দিনে নারী ও শিশুসহ অন্তত দুই শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে স্যালাইনসহ বিভিন্ন ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে বলে কয়েকজন রোগী অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুল্লাহ সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দূষিত পানি পান করায় শিশুসহ নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। স্যালাইনের সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমদিন হাসপাতালে স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধের অভাব থাকলেও বর্তমানে পর্যাপ্ত ওষুধ রয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এলাকার নলকূপগুলোতে পানি উঠছে না। বাধ্য হয়ে এ এলাকার মানুষ পুকুর, খাল, বিল ও বদ্ধ জলাশয়ের পানি পান করছে। তাই ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২৩০৬ ঘ.