চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্য খালাসের সময় ট্রলির ধাক্কায় চট্টগ্রাম বন্দরে দুই সিঅ্যান্ডএফ কর্মী আহত হয়েছেন।
এরা হলেন- মো. মামুন ও রতন চৌধুরী। মামুনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আর রতনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের তিন নম্বর ইয়ার্ড ও এনসিটিতে পৃথক দুর্ঘটনায় তারা আহত হন বলে জানান বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বেলা সাড়ে বারটা থেকে একটার মধ্যে বন্দরের তিন নম্বর ইয়ার্ডে স্ট্র্যাডল ক্যারিয়ার এবং এনসিটিতে সাইফ পাওয়ার টেকের দপ্তরের সামনে ট্রলির ধাক্কায় দুই জন আহত হন।”
এ ঘটনার প্রতিবাদে সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা প্রায় এক ঘণ্টা বন্দর থেকে পণ্য খালাস বন্ধ রাখে বলে জানান সিএন্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২২৫৪ ঘ.
bdnews24