২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি প্রভাষকের পদোন্নতির নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষকদের পদোন্নতির নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 04:47 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষকদের পদোন্নতির নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ নীতিমালায় ফলিত বিজ্ঞান ছাড়া অন্য অনুষদগুলোর প্রভাষকরা যোগদানের দুই বছর ছয় মাস পর সহকারী অধ্যাপক হতে পারবেন। আগের নিয়মে এ সময় ছিল যোগদানের পর তিন বছর। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. ইউনুছ বলেন, বৃহস্পতিবার সকালে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া এ বিষয়ে পূর্ণাঙ্গ একটি নীতিমালা প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। রসায়নের শিক্ষক ইউনুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সামাজিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন এবং লাইফ সায়েন্স অনুষদের প্রভাষকরা শিক্ষকতায় যোগদানের দুই বছর ছয় মাস পর সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো প্রভাষকের প্রকাশনা থাকলে শিক্ষকতায় যোগদানের দুই বছর পর এই পদোন্নতি পাবেন, বলেন তিনি। এছাড়া ফলিত বিজ্ঞান অনুষদের শিক্ষকদের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে বলে তিনি জানান। অধ্যাপক ইউনুছ আরো বলেন, পূর্ণাঙ্গ একটি নীতিমালা প্রণয়নের জন্য লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইয়াসমিন হককে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। সব অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির সদস্য থাকবেন। পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য দূর করে একটি সার্বজনীন নীতিমালার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন এবং লাইফ সায়েন্স অনুষদের প্রভাষকরা তিন বছর ধরে আন্দোলন করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২৪৩ ঘ.