নারায়ণগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরের বক্তাবলী এলাকায় এক শিশুকে হত্যার অভিযোগে তার চাচাত ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে বক্তাবলী থেকে শামীমকে (২৬) গ্রেপ্তার করা হয়। শামীম ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
বুধবার রাতে রাধানগর এলাকায় এ ঘটনায় নিহত হয় আজিজুল হক (১)। ওই ঘটনায় আজিজুলের দুই বোন এবং এক প্রতিবেশী আহত হয়েছে।
আহতদের মধ্যে দু’বোন তানিয়া (৯) ও তানজিলাকে (১০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং প্রতিবেশী রাজিয়া বেগমকে (৩২) নারায়ণগঞ্জের খানপুরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে শামীম রাধানগরে ইমাম হোসেনের বাড়িতে ঢুকে তার ছেলে আজিজুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
আজিজুলকে বাঁচাতে গেলে তানিয়া এবং তানজিলাও আহত হয়। তাদের চিৎকারে প্রতিবেশী রাজিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে শামীম।
আজিজুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আজিজুলের মা সুলতানা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজিজুলের সঙ্গে তার বোন তানিয়া ও তানজিলা ঘরে ছিল। তিনি কিছুক্ষণের জন্য বাইরে গেলে শামীম ঘরে ঢুকে এই হামলা চালায়।
তবে, কী কারণে এ হামলা চালানো হয়েছে তা তিনি জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২২৩ ঘ.
bdnews24