২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চ্যান্সেলর যা বলবেন, তাই মেনে নেব’

ক্যাম্পাসে আন্দোলনের মুখে ডেকে পাঠানোর পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবীর বলেছেন, এক্ষেত্রে চ্যান্সেলর বা রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাসে আন্দোলনের মুখে ডেকে পাঠানোর পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবীর বলেছেন, এক্ষেত্রে চ্যান্সেলর বা রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবেন তিনি। অধ্যাপক কবিরের পদত্যাগ দাবিতে অচল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উপাচার্যের ওপর তাদের অনাস্থা প্রকাশ করেন। এরপর শরীফ এনামুল কবিরকে ডেকে পাঠান শেখ হাসিনা। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে উপাচার্য কবীর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সন্তোষজনক আলোচনা হয়েছে। উপাচার্যের সঙ্গে ছিলেন উপউপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিনসহ তার ঘনিষ্ঠ শিক্ষকরা। অধ্যাপক কবির বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্বন্ধে প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। তিনি আমাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন। প্রধানমন্ত্রী এই বিষয়ে চ্যান্সেলর জিল্লুর রহমানের সঙ্গে আলোচনা করবেন বলে তিনি জানান। “আচার্য যা বলবেন, তা মেনে নেব,” বলেন অধ্যাপক কবির। তিনি সাংবাদিকদের বলেন, “খুশি মনে বাড়ি ফিরে যাচ্ছি।” তবে এই সময় তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অনশনের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন উপাচার্য। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষকদের মধ্যে বিভাজন কাম্য নয়। শিক্ষকদের অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের পড়াশোনা যেন নষ্ট না হয়।” উপাচার্যের সঙ্গে আরে ছিলেন- অধ্যাপক নুরুল আলম, আহমেদ রেজা, আবুল খায়ের, আফসার আহমেদ, খুরশীদা বেগম, ফারজানা ইসলাম, আমির হোসেন প্রমুখ। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আন্দোলনকারী শিক্ষক সমাজের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন সাংবাদিকদের বলেন, “আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন, আমরা তার ওপর আস্থা রাখতে পারি। উনি আমাদের হতাশ করবেন না।” “আমাদের একটাই দাবি, উপাচার্যের পদত্যাগ। আমরা উনাকে স্পষ্টভাবে বিষয়টি জানিয়েছি”, যোগ করেন তিনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পাওয়ার পরপরই তারা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন। তবে উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। গত ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ‘উপাচার্যপন্থী’ ছাত্রলীগের হাতে খুন হওয়ার পর থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে একপ্রকার অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করলেও শিক্ষক নিয়োগের বিরোধিতা করে এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে ধাপে ধাপে আন্দোলন চালিয়ে আসছে ‘শিক্ষক সমাজ’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচএ/এমআই/২২২০ ঘ.