ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে গোর প্রদেশে ব্র্যাক কার্যালয়ে তালেবান হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শুক্রবার আফগানিস্তানের সংবাদ সংস্থা পাজওয়োক আফগান নিউজ জানায়, গোরের প্রাদেশিক রাজধানী চাগচারানে বৃহস্পতিবার ভোরে এ হামলা হয়। নিহত মো. মহিউদ্দিন ওই কার্যালয়ের প্রধান ছিলেন।
ব্র্যাকের কার্যালয়টি আফগানিস্তানের গোয়েন্দা বিভাগের একটি অতিথিশালা থেকে মাত্র শ পাঁচেক গজ দূরে অবস্থিত বলে পাজওয়োক আফগান নিউজের খবরে বলা হয়।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান কর্নেল মুর্তাজা মুলেশ বলেন, তালেবান জঙ্গিদের একটি দল হঠাৎ হামলা চালালে ঘটনাস্থলেই নিহত হন মহিউদ্দিন। এ সময় আরেক বাংলাদেশি সামিউল হক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
ওই তালেবান সদস্য পুলিশকে জানিয়েছে, ব্র্যাক কর্মীদের অপহরণ করে মুক্তিপণ হিসাবে বন্দি তালেবানদের মুক্তির দাবি জানানোর পরিকল্পনা করেছিল তারা। এই হামলায় অংশ নেয় পাঁচ তালেবান জঙ্গি।
ওই কার্যালয় থেকে পালিয়ে আসা সামিউল হক পাজওয়োক আফগান নিউজকে জানান, ভোরে ওই কার্যালয়ে তার সঙ্গে ঘুমিয়ে থাকা আরেক আফগান কর্মীও অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/আরএ/১৩৩৬ ঘ.
bdnews24