পঞ্চগড়, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাবান্ধাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করার ঘোষণা বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়বাসী একঘণ্টা মানববন্ধন ও গণকর্মবিরতি পালন করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ কর্মসূচিতে রাজনৈতিক নেতা, সংস্কৃতিকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থানে থেকে এই কর্মসূচিতে অংশ নেয়।
স্থানীয়রা জানান, ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের মধ্যদিয়ে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর চালু হয়। এরপর গত বছরের ২২ জানুয়ারি এ বন্দর দিয়ে ভারতের সঙ্গে শুরু হয় আমাদানি-রপ্তানি।
সেদিন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী এবং বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তিন মাসের মধ্যে ইমিগ্রেশন সুবিধাসহ বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালুর প্রতিশ্র“তি দিয়েছিলেন। কিন্তু এখনো তা কার্যকর হয়নি। বর্তমানে খুবই সীমিত পর্যায়ে নেপাল ও ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি চলছে।
নির্দিষ্ট সময়ের কিছু আগেই শহরে সাইরেন বাজানো হয়। ১১টা বাজার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় দোকান-পাট, ব্যানার-ফেস্টুন নিয়ে নিজেদের কর্মস্থলের সামনে দাঁড়িয়ে যান হাজার হাজার মানুষ।
শহরের চৌরঙ্গী মোড়, বাংলাবান্ধা, তেঁতুলিয়া, ভজনপুর, জগদল, রণচণ্ডি, শালবাহান, সিপাইপাড়াসহ অর্ধশতাধিক স্থানে লোকজন কর্মসূচিতে অংশ নেয়। ট্রাকে করে সংস্কৃতিকর্মীরা দেশের গান গেয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ দেন।
স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগ নেতা মজাহারুল হক প্রধান বলেন, দুই দেশের দুই মন্ত্রীর প্রতিশ্র“তির বাস্তবায়ন না হওয়া দুঃখজনক। সংসদে বিষয়টি উত্থাপন করা হয়েছে। এই সরকারের আমলেই ইমিগ্রেশন সুবিধা চালু হবে বলে আশা করেন তিনি।
পঞ্চগড় পৌর মেয়র ও বিএনপি নেতা তৌহিদুল ইসলাম বলেন, বাংলাবান্ধা ইস্যুতে পঞ্চগড়বাসী দলমত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। স্থানীয় অর্থনীতির উন্নয়নে ভবিষ্যতেও এ অবস্থান অটুট থাকবে।
ভারতের অর্থমন্ত্রীর আসন্ন সফরেই এ বন্দর পূর্ণাঙ্গভাবে চালুর আলোচনা শুরুর দাবি জানান নাগরিক কমিটির সভাপতি বসিরুল আলম প্রধান।
স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান বাবলা বলেন, সরকার উদ্যোগী হলে নেপাল ও ভারতের পাশাপাশি চীন, ভুটানসহ আরো কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য কার্যক্রম স¤প্রসারণের সুযোগ আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০৯ ঘ.
bdnews24