লাভলু পাল চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নেত্রকোনা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো মৌসুমে ধান-চাল কেনার প্রথম দিনেও সরকারি ক্রয় নির্দেশ পায়নি নেত্রকোনার খাদ্য বিভাগ।
গত ৩০ এপ্রিল খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় বৃহস্পতিবার থেকে সরকারি উদ্যোগে ধান-চাল কেনা শুরুর সিদ্ধান্ত হয়।
ব্যয় বিবেচনায় তিন টাকা লাভ ধরে ২৮ টাকা কেজি দরে চাল এবং ১৮ টাকায় ধান কেনার সিদ্ধান্ত নেয় সরকার, যে কার্যক্রম আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
কর্মসূচির প্রথম দিন নেত্রকোনায় ধান-চাল না কেনার প্রসঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পত্রিকা পড়ে জেনেছি আজ ধান-চাল কেনার প্রথম দিন। তবে সরকারি কোনো ক্রয় নির্দেশ আসেনি।”
নতুন ধান-চাল কিনে রাখার মতো জায়গাও জেলার গুদামে নেই বলে জানান তিনি।
নেত্রকোনার ১০ উপজেলায় ১৩টি সরকারি খাদ্য গুদাম রয়েছে। এই গুদামগুলোর ধারণ ক্ষমতা সাড়ে ১৫ হাজার মেট্রিক টন।
গুদামগুলোতে বর্তমানে ১৪ হাজার ৮০০ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক দাবি করেন।
তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে গুদাম খালি করে বোরো ধান-চাল কেনা শুরু করার প্রক্রিয়া অবশ্য শুরু হয়েছে।
এদিকে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নেত্রকোনায় এবার ১ লাখ ৭৬ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
তিনি আরো জানান, এ পর্যন্ত ৩০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। এতে ২ লাখ ৯০ মেট্রিক টন ধান পাওয়া গেছে।
সরকারিভাবে ধান ক্রয় শুরু না হওয়ায় বাজারে বর্তমানে সাড়ে চারশ’ থেকে পাঁচশ’ টাকা মণ দরে ধান বিক্রি করতে হচ্ছে বলে জানান কয়েকজন কৃষক।
জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের কৃষক হাছেন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার মণপ্রতি সাতশ’ ২০ টাকা দাম নির্ধারণ করলেও বাজারে পাঁচশ থেকে সাড়ে পাঁচশ টাকা দরে ধান বিক্রি করতে হচ্ছে। হাতে নগদ টাকা নেই, তাই কম দামে ধান বেচতে হচ্ছে।
এই দামে ধান বেচে উৎপাদন খরচও উঠছে না বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২০৪৫ ঘ.
bdnews24