চাঁপাইনবাবগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীকে ধর্ষণের অপরাধে এক কলেজ শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত- ১ এর কবিতা খানম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত আব্দুল লতিফ (৪০) বিনোদপুর ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোনটোলা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।
এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্ধেক টাকা ঘটনার শিকার ছাত্রীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
মামলার বিবরণে জানা গেছে, বিনোদপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের এক ছাত্রী আব্দুল লতিফের কাছে প্রাইভেট পড়ত। ২০০৭ সালের ২২ মার্চ লতিফের বাসায় প্রাইভেট পড়ার সময় ওই ছাত্রী পানি খেতে চায়। লতিফের দেওয়া পানি খেয়ে ছাত্রীটি অচেতন হয়ে পড়ে। এ সময় তাকে ধর্ষণ করে এবং ভিডিও চিত্র ধারণ করে লতিফ।
ঘটনা শিকার মেয়েটি এরপর তার কাছে পড়া বন্ধ করলে ভিডিও চিত্রটি প্রকাশ করে দেবার ভয় দেখিয়ে তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করে এবং বিভিন্ন সময় আরো কয়েক দফা তাকে ধর্ষণ করে।
এক সময় মেয়েটির পরিবার তার অন্যত্র বিয়ে দেয়। কিন্তু ওই ভিডিও চিত্রটি মোবাইলের মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিনোদপুর কলেজ ঘেরাও করে অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করে।
এ ঘটনায় মেয়েটির সংসার ভেঙে গেলে ২০১০ সালের ২ অক্টোবর তিনি লতিফের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করে।
একই বছরের ৭ ডিসেম্বর আব্দুল লতিফের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক নুর মোহাম্মদ অভিযোগ পত্র দায়ের করেন।
মামলায় ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৬৪৬ ঘ.
bdnews24