২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রী বলেছেন, তিনি হতাশ করবেন না’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ডেকে ‘রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য অপেক্ষা’ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ডেকে ‘রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য অপেক্ষা’ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে ওই বৈঠক শেষে শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন, আমরা তার ওপর আস্থা রাখতে পারি। উনি আমাদের হতাশ করবেন না।” “আমাদের একটাই দাবি, উপাচার্যের পদত্যাগ। আমরা উনাকে স্পষ্টভাবে বিষয়টি জানিয়েছি”, যোগ করেন তিনি। অধ্যাপক নাসিমের নেতৃত্বে শিক্ষক সমাজের ১২ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে অংশ নেয়। সন্ধ্যায় উপাচার্য শরীফ এনামুল কবীর এবং তার সমর্থক শিক্ষকদেরও ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। গত ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ‘উপাচার্যপন্থী’ ছাত্রলীগের হাতে খুন হওয়ার পর থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে একপ্রকার অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ওই ঘটনায় বিশ্ববিদ্যায় প্রশাসন ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করলেও শিক্ষক নিয়োগের বিরোধিতা করে এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে ধাপে ধাপে আন্দোলন চালিয়ে আসছে ‘শিক্ষক সমাজ’। একই দাবিতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট এবং সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশন শুরু করেছে। এই অচলাবস্থা নিরসনে শিক্ষক সমাজের প্রতিনিধিদের ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বকুল সভাকক্ষে বৈঠক শুরু হয়, চলে প্রায় এক ঘণ্টা। বৈঠক শেষে অধ্যাপক নাসিম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি, সেহেতু তাকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রী আমাদের সে পর্যন্ত ধৈর্য ধরতে বলেছেন।” এই পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করবেন কি না জানতে চাইলে আন্দোলনরত শিক্ষকদের এই নেতা বলেন, “আমরা ক্যাম্পাসে ফিরে আলোচনা করব। আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেব। তারপর সিদ্ধান্ত নেব, কি করা যায়।” নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মানস চৌধুরী বলেন, “এ ধরনের পদক্ষেপের জন্য আচার্যকেই পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রী আমাদের নিরাশ করবেন না বলে আশ্বস্ত করেছেন। তাই আচার্যের সাথে কথা না বলা পর্যন্ত আমাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।” পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরকার প্রধানের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শিক্ষকদের ডেকে পাঠিয়েছিলেন। তিনি ধৈর্যের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বক্তব্য শুনে তাদের ক্লাসে ফিরে যেতে বলেছেন।” “শিক্ষকদের আন্দোলন এবং ক্লাশ বর্জনের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের বলেছেন, আপনাদের ক্লাশ বর্জনের ফলে শিক্ষার্থীদের যে ক্ষতি হলো তা শিক্ষার্থীরা পোষাবে কি করে? এটা জাতি প্রত্যাশা করে না”, যোগ করেন আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষকদের এই বৈঠকে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রী কার্যালয় সচিব মোলা ওয়াহিদুজ্জামান, শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান উপস্থিত ছিলেন। শিক্ষক সমাজের প্রতিনিধি দলে আরো ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ উদ্দিন, এম এ মতিন, অজিত কুমার, স্বপন কুমার ধর, আতিকুর রহমান, মাফরুহী সাত্তার, এম মজিবর রহমান, রশীদ হারুন, মানস চৌধুরী ও সহকারী অধ্যাপক রায়হান রাইন। উপচার্য সাক্ষাৎ করবেন সন্ধ্যায় কলা ও মানবিকী অনুষদের ডিন অসিত বরণ পাল, যিনি উপাচার্যপন্থী হিসাবে পরিচিত, বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৬ টার দিকে উপাচার্যের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তার কার্যালয়ে দেখা করতে বলেছেন।” তিনি জানান, এই প্রতিনিধি দলে কারা থাকবেন- তা এখনো চূড়ান্ত হয়নি। “আমরা চেষ্টা করব জ্যেষ্ঠ শিক্ষকদের পাঠাতে। দলে ১২ থেকে ১৪ জন শিক্ষক থাকতে পারেন”, অসিত বরণ বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচএ/আরআরডি/জেকে/১৫৫০ ঘ.