২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: আলীমের জামিনের মেয়াদ বাড়ল

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা আব্দুল আলীমের জামিনের মেয়াদ বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 06:22 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা আব্দুল আলীমের জামিনের মেয়াদ বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করেন। আদালতে আলীমের পক্ষে শুনানি করেন এম তাজুল ইসলাম। অন্যদিকে প্রসিকিউটর নূরজাহান মুক্তা এই জামিন আবেদনের বিরোধিতা করেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছর ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। ওই বছরই ৩১ মার্চ অশীতিপর এই বৃদ্ধকে ১ লাখ টাকায় মুচলেকায় ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এরপর বেশ কয়েক দফা বাড়ানো হয়েছে এই জামিনের মেয়াদ। গত মাসে আলীমের মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করার পর ২৪ এপ্রিল এ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শেষে আসামিপক্ষ বৃহস্পতিবার অভিযোগ গঠনের বিরোধিতা করে যুক্তি দেখানো শুরু করে। এরপর এ মামলার কার্যক্রম ৭ মে পর্যন্ত মুলতবি করে দেন বিচারক। জয়পুরহাটের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ৩ হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ২৮টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনেছে প্রসিকিউশন। তার জামিনের শর্তগুলোর মধ্যে রয়েছে- আলীমের পাসপোর্ট জমা থাকবে ট্রাইব্যুনালের নিবন্ধকের কাছে। ছেলে ফয়সাল আলীমের বনানীর বাড়িতে তাকে থাকতে হবে, জয়পুরহাটে যাওয়া চলবে না। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা বা অবস্থান পরিবর্তন করা যাবে না। গণমাধ্যমে কোনো ধরনের বক্তব্যও দিতে পারবেন না আলীম। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাক্ষী, একাত্তরে নির্যাতিত কেউ, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার, কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সঙ্গে প্রত্যক্ষভাবে, ফোনে বা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ করা যাবে না। আলীম জামিনের জন্য আগে যে পাসপোর্টটি জমা দিয়েছিলেন তার মেয়দ শেষ হয়ে গেছে জানিয়ে ট্রাইব্যুনাল বৃহস্পতিবার বলে, তার আর কোনো পাসপোর্ট থাকলে সেটাও জমা দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১২১৩ ঘ.