ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়া পল্টনে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।
মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে বিএনপি কার্যালয় ও নাইটিঙ্গেল মোড়ের মাঝামাঝি স্থানে চারটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
তবে পুলিশ বলছে, দুটি বোমার বিস্ফোরণ ঘটেছে এবং তা করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীরা।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বেচ্ছাসেবক দল ওই স্থানে গলিতে মিছিলের জন্য জড়ো হচ্ছিল।
“পুলিশ এগিয়ে গেলে দুটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে গলির ভেতরে পালিয়ে যায় তারা।”
বিস্ফোরণে কেউ আহত হননি বলে তিনি জানান।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন এবং এই সপ্তাহে দুই দিন হরতালের সময় রাজধানীজুড়ে কয়েক ডজন হাতবোমার বিস্ফোরণ ঘটে।
গত রোববার হরতালের সময় সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে শাহবাগ থানায় করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা হয়েছে।
সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারও করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬২২ ঘ.
bdnews24