২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের স্ত্রীর অনুরোধে প্রধানমন্ত্রীর সাড়া

বুধবার গণভবনে দেখা করতে সময় দেওয়া হয়েছে বিএনপি নেতার স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার অনুরোধে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে গণভবনে দেখা করতে সময় দেওয়া হয়েছে। তাহসিনাকে বুধবার সন্ধ্যা ৬টায় দেখা করার সময় দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত জানানোর আগে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে স্বামীর সন্ধানে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান তাহসিনা। বনানীতে নিজেদের বাড়িতে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার সন্তানরা অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় রয়েছে। তাদের স্কুলেও পাঠানো যাচ্ছে না। যে কোনো মূল্যে আমি আমার স্বামীকে ফেরত চাই।” “প্রধানমন্ত্রী যদি সুযোগ করে দেন, তাহলে আমরা পরিবারের সদস্যরা তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চাই।” ইলিয়াসের স্ত্রীর এই সংবাদ সম্মেলনের পর বিকালে এক জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “তার স্বামীকে সত্যিকার অর্থে উদ্ধার করতে হলে প্রধানমন্ত্রী ছাড়া কোনো বিকল্প নেই। বেগম ইলিয়াস আলীর আস্থার জায়গা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।” বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ। তাদের উদ্ধারে র‌্যাব ও পুলিশ গাজীপুর, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালালেও খোঁজ মেলেনি তার। পুলিশ সোমবারও আদালতকে জানিয়েছে, ইলিয়াস আলীর খোঁজ বের করার তদন্তে কোনো অগ্রগতি হয়নি। বিএনপির অভিযোগ, সরকারই ইলিয়াসকে ‘গুম’ করেছে। একই অভিযোগ তুলে তাহসিনা হাই কোর্টে একটি রিট আবেদনও করেছেন। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন এবং এই সপ্তাহে দুই দিন হরতাল করেছে বিএনপি। ইলিয়াস অন্তর্ধাণে বিএনপির অভিযোগের আঙুল সরকারের দিকে হলেও সরকারের পক্ষ থেকে বরাবরই এ অভিযোগ অস্বীকার করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/এমআই/২৩০০ ঘ.