ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির সামনে উপস্থিত হননি সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুকের গাড়ি চালক আলী আজম।
অর্থ কেলেঙ্কারির ঘটনার দিন থেকেই আলী আজম নিখোঁজ রয়েছে।
গত ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবি সদর দফতরের ফটকে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিতের এপিএস ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। চালক আজম ওই রাত থেকেই ‘নিখোঁজ’ রয়েছেন।
ওই ঘটনার তদন্তের জন্য সোমবার সকাল ১০টায় রেল ভবনে উপস্থিত হওয়ার নির্দেশনা দিয়ে আজমের বাড়ির ঠিকানায় চিঠি পাঠানোর পাপাশি পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল।
নিখোঁজ আলী আজমের বক্তব্য ও জিজ্ঞাসাবাদ ছাড়া ঘটনার সুষ্ঠ তদন্ত হবে কি না- এ প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “এ ব্যপারে তদন্ত কমিটি কাজ করছে, তদন্ত কমিটি যদি ব্যর্থ হয়, তারপর এ বিষয়ে চিন্তা-ভাবনা করা হবে।”
‘অর্থ কেলেঙ্কারির’ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “দুদকের তদন্তই সবচেয়ে বিশ্বাসযোগ্য হবে।”
সেই রাতে সুরঞ্জিতের এপিএস ফারুকের গাড়িতে রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও ঢাকার কমান্ডেন্ট এনামুল হকও ছিলেন।
ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি ফারুক বলে আসছেন, গাড়িতে পাওয়া অর্থ তার নিজের; যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই অর্থ রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল।
ওই ঘটনার পর ইউসুফ আলী মৃধা ও এনামুল হককে সাময়িক বরাখাস্ত করা হয়; চাকরিচ্যুত হন ওমর ফারুক তালুকদারও।
গত ১৬ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সুরঞ্জিত সেনগুপ্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৫৩০ ঘ.
bdnews24