২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ভাগ হলো সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রশাসনিক কাঠামোকে উত্তর, দক্ষিণ, পশ্চিম ও বন্দর- এই চার ভাগে ভাগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রশাসনিক কাঠামোকে উত্তর, দক্ষিণ, পশ্চিম ও বন্দর- এই চার ভাগে ভাগ করা হয়েছে। রোববার দুটি ক্রাইম বিভাগকে ভেঙে চারটি এবং ট্রাফিক বিভাগকে দুই ভাগে ভাগ করা হয়। নতুন কাঠামো অনুযায়ী চারটি বিভাগ হলো- উত্তর, দক্ষিণ, পশ্চিম ও বন্দর। একজন করে উপ-কমিশনারকে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সিএমপিতে উত্তর ও বন্দর- এই দুটি বিভাগ ছিল। নগরীর বারটি থানা নিয়ে গঠিত সিএমপি’র তিনটি থানা নিয়ে একটি করে বিভাগ গঠন করা হয় বলে জানান উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, দক্ষিণের অধীনে কোতোয়ালি, বাকলিয়া ও খুলশী থানা, উত্তরের অধীনে চান্দগাঁও, বায়েজিদ বোস্তামি ও পাঁচলাইশ থানা, পশ্চিমের অধীনে ডবলমুরিং, হালিশহর ও পাহাড়তলী এবং বন্দরের অধীনে বন্দর, পতেঙ্গা ও কর্ণফুলী থানার কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া সিএমপি’র ট্রাফিক বিভাগকে উত্তর ও দক্ষিণ দুটি ভাগে বিভক্ত করে দুই জন উপ-কমিশনারের নেতৃত্বে দেওয়া হয়েছে। নতুন বিভাগগুলোর দায়িত্বপ্রাপ্তরা হলেন- উপ-কমিশনার (উত্তর) মিরাজ উদ্দিন আহমেদ, উপ-কমিশনার (দক্ষিণ) আব্দুল্লাহ হেল বাকী, উপ-কমিশনার (পশ্চিম) হাবীবুর রহমান এবং উপ-কমিশনার (বন্দর) সাইফুল ইসলাম। এ ছাড়া উপ-কমিশনার কুসুম দেওয়ানকে ট্রাফিক (উত্তর) বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ট্রাফিক বিভাগের (দক্ষিণের) দায়িত্বও পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৫৭ ঘ.