ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়া কোনো তথ্য গণমাধ্যম কর্মীদের না দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পাশাপাশি কমিশনে সাংবাদিকদের প্রবেশাধিকারও সীমিত করা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে কথা না বলতে রোববার কমিশনের সচিব স্বাক্ষরিত একটি আফিস আদেশ দুদক কর্মকর্তাদের দেওয়া হয়।
এতে বলা হয়েছে, ‘দুদকের কোনো তথ্য প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া বা অন্যদের তথ্য দেওয়ার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে। কমিশনের পূর্বানুমতি ছাড়া কোনো কর্মকর্তা মিডিয়ার সঙ্গে সাক্ষাতকার বা তথ্য দিতে পারবেন না।’
এ ছাড়া গণমাধ্যমগুলোর সম্পাদক বা নির্বাহী সম্পাদকদের কাছে পাঠানো অন্য চিঠিতে কমিশনে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।
ওই চিঠিতে সাংবাদিকদের বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত কমিশনের চেয়ারম্যান বা কমিশনারদের সঙ্গে সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে। এর বাইরে বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তথ্য প্রদানকারী কর্মকর্তার সঙ্গে কমিশনের মূল ভবনের বাইরের একটি ভবনে সাক্ষাতের কথা উল্লেথ করা হয়েছে।
এ বিষয়ে দুদক চেয়ারম্যার গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবাধ তথ্য প্রবাহের অর্থ অবাধে প্রবেশ নয়। এখানে তদন্তাধীন অনেক বিষয় থাকে যা সাংবাদিকদের জানা ঠিক নয়।”
এ ধরনের নির্দেশ সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা হবে কী না- এমন প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান বলেন, “আমি তা মনে করি না। কেননা এজন্য তথ্য প্রদানকারী কর্মকর্তা থাকবে।”
দুর্নীতি বিষয়ে রিপোর্টারদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইন্সট করাপশন (র্যাকস)-এর সাধারণ সম্পাদক মিজান মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতে স্বাধীন সাংবাদিকতা ব্যাহত হবে। পাশাপাশি অবাধ তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হবে।”
এমন পদক্ষেপ পুরোপুরি ঠিক নয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুদকের কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তার প্রয়োজনীয়তা দরকার আছে। তবে বেশি কড়াকড়ি ঠিক না।”
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরীও কমিশনে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে সপ্তাহে একদিন ব্রিফিংয়ের আয়োজন করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/২০২৬ ঘ.
bdnews24