২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেল স্টেশনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 07:48 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেল স্টেশনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। এ ঘটনায় চবি ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চবির একটি শাটল ট্রেন ক্যাম্পাস স্টেশনে এসে পৌঁছালে ছাত্রলীগ নিয়ন্ত্রিত বগিভিত্তিক সংগঠন ‘সিক্সটি নাইন’ ও ‘একাকার’ এর সদস্যদের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের শুরুতে ‘একাকার’ এর কর্মীরা ‘সিক্সটি নাইনের’ কর্মী সাব্বির আহমেদ ও শেখ কামালের ওপর হামলা চালায়। পরে ‘সিক্সটি নাইনের’ কর্মীরা অস্ত্র নিয়ে ‘একাকার’র কর্মীদের ওপর হামলা করে। আহতরা হলেন, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শাকিল, দর্শন বিভাগের প্রথম বর্ষের সাব্বির আহমেদ ও শেখ কামাল, উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের কামরুল হাসান রিয়াদ, পরিসংখ্যানের প্রথম বর্ষের আমিনুল ইসলাম ও মো.ফরহাদ। এদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা চবি মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তুষারসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানান এসএসপি। তুষারের কাছ থেকে একটি পিস্তল ও গুলি পাওয়া গেছে। চবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক খান তৌহিদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৩৪৯ ঘ.