কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে হাত বাড়ালেই মিলে শতাধিক রকমের অত্যাধুনিক ছুরি-চাকু। বিক্রিতে আইনি বাধা না থাকায় খুব সহজে বহনযোগ্য এসব ‘মারণাস্ত্র’ চলে যাচ্ছে অপরাধীদের হাতে, যা ব্যবহার হচ্ছে ছিনতাই বা হত্যার মতো ঘটনায়।
স¤প্রতি আলোচিত হত্যাকাণ্ডের প্রায় সবগুলোতেই হাতিয়ার হিসেবে ছুরি বা ছুরি সদৃশ ধারালো অস্ত্র ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে।
গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন পাইকারি বিপণিবিতান ঘুরে দেখা গেছে, এসব আকর্ষণীয় ‘মারণাস্ত্র’ খুবই সহজলভ্য এবং দামও নাগালের মধ্যে। সুলতান, মুসাফির, আইফেল টাওয়ার, ক্যাঙ্গারু, ম্যাকগাইভার, সেনাবাহিনীর মতো বাহারি নামের ছুরি পেতে খরচ করতে হয় মাত্র একশ’ থেকে পাঁচশ’ টাকার মতো।
পুলিশ কর্মকর্তারা বলছেন, দামে কম এবং আকারে ছোট হওয়ায় কাজ শেষে ছিনতাইকারীরা এসব অস্ত্র ফেলে দিয়ে আলামত নষ্ট করে ফেলে। ফলে সন্দেহ হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপায় থাকে না।
অবশ্য আইনে বাটসহ ১২ ইঞ্চির বড় ছুরি-চাকু বিক্রি বা আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে।
পুরান ঢাকার মিটফোর্ড রোডের বিসমিল্লাহ টাওয়ারের বিভিন্ন দোকানে সরেজমিনে দেখা যায়, সুলতানের দাম সাড়ে তিনশ’ টাকা, মুসাফির আড়াইশ’, আইফেল টাওয়ার সাড়ে চারশ’, ক্যাঙ্গারু ৩৫ এবং ম্যাকগাইভারের দাম মাত্র ৯০ টাকা।
এ ধরনের বাহারি নাম ছাড়াও বিভিন্ন দোকানে মিলছে এনট্রেক চাকু, বাট চাকু, কাঠ চাকু, প্যাঁচ চাকু, ব্ল্যাক হাক চাকু ও পিস্তল চাকুসহ শতাধিক রকমের বিদেশি ছুরি। সঙ্গে রয়েছে কমপক্ষে ৩০ রকমের দেশি ছুরি, যেগুলোও ছিনতাই বা হত্যার মতো ঘটনা ঘটাতে যথেষ্ট।
বিসমিল্লাহ টাওয়ারের দোকানদার মো. মামুন জানান, বিদেশ থেকে তিনি শত রকমের চাকু বা ছুরি কর পরিশোধ করে আমদানি করেন। এসব বিক্রিতেও কোনো বাধা নেই।
তার কাছে জানতে চাওয়া হয়- কোন শ্রেণীর ক্রেতারা এসব ছুরি কিনেন। জবাবে তিনি বলেন, “আমরা পাইকারি দোকানদার, ঢাকাসহ বিভিন্ন এলাকার দোকানদার আমাদের কাছ থেকে ছুরিগুলো কিনে তাদের দোকানে রেখে বিক্রি করেন।”
তবে খুচরা বিক্রেতাদের মধ্যে গৃহবধূ ও যুবকরাই তাদের খরিদ্দার বলে জানান তিনি।
দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের বাহারি ছুরি-চাকু ঝুলিয়ে বিক্রি হতে দেখা গেছে চকবাজার নিউ মার্কেটেও। এ মার্কেটের একটি দোকানে জলপাই রঙের কাভারে মোড়ানো ছোরার দাম জিজ্ঞেস করতেই দোকানি জানান, দাম পড়বে পাঁচশ’ টাকা। আর এটির নাম ‘সেনাবাহিনী’ বলেও জানান তিনি।
ওই দোকানিও জানান, সাধারণত যুবক ছেলেরাই ছুরি কিনতে আসেন।
কিছুদিন আগে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন শাহজাহান নামে এক নেশাগ্রস্ত যুবক। থানায় কথা প্রসঙ্গে শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নেশার টাকার জন্য মাঝে মধ্যে তিনি ছিনতাই করেন।
“আগে মাছ মার্কা ছুরি দিয়ে ছিনতাই করতাম। ওই ছোরা পাইতে অনেক কষ্ট পেতে হতো। কিন্তু এখন একশ’ টাকা দিয়ে ভালো ছুরি পাওয়া যায়। ছিনতাই করার পর পর ম্যানহোলে বা পাশের ড্রেনে ছুরি ফেলে দেওয়া যায়। ফলে পুলিশ দেহ তল্লাশি করলেও কিছু পায় না,” যোগ করেন তিনি।
শাহজাহানের কথায় বিষয়টি স্পষ্ট সহজলভ্যতার কারণে কীভাবে ছুরি হয়ে উঠেছে ‘মারণাস্ত্র’।
গত ১০ এপ্রিল গুলশানে নিজ গাড়ির চালকের হাতে খুন হন ফাহিমা সুলতানা নামে এক গৃহবধূ। ধরা পড়ার পর চালক পুলিশকে জানায়, হত্যার এক সপ্তাহ আগে বাড্ডা নতুন বাজার থেকে দেড়শ’ টাকায় কেনা ছুরি দিয়ে তিনি ফাহিমাকে ছুরিকাঘাতে হত্যা করেন।
আর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকেও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাটসহ ১২ ইঞ্চির বড় ছোরা বা চাকু বিক্রি বা আমদানিতে নিষেধাজ্ঞা থাকলেও ছোট চাকুর ক্ষেত্রে এ ধরনের বিধি-নিষেধ নেই। তবে ক্ষেত্র বিশেষে ধারালো যেকোনো অস্ত্র ব্যবহার বা বহন আইনত দণ্ডনীয় অপরাধ।”
বর্তমান পরিস্থিতি বিবেচনায় এসব ছোট চাকু আমদানি বা বিক্রিতে নিষেধাজ্ঞা আসা জরুরি বলেও তার অভিমত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24