নারায়ণগঞ্জ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লীগের (আইপিএল) খেলা দেখাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে শহরের চাঁদমারী বটতলা এলাকায় এই ঘটনায় নিহত যুবকের নাম হৃদয় বাবু (১৮)। পেশায় পোশাক শ্রমিক হৃদয় চাঁদমারী বটতলা এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার খেলা ছিল পুনে ওয়ারিয়র্স ও ডেকান চার্জার্সের মধ্যে। এর মধ্যে বাংলাদেশের মারকুটে ব্যাটসমান তামিম ইকবাল রয়েছেন পুনে ওয়ারিয়র্সে, যদিও এখন পর্যন্ত প্রথম একাদশে সুযোগ পাননি তিনি।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চাঁদমারী বটতলা এলাকায় আইপিএল খেলা দেখছিলেন হৃদয়সহ আরো কয়েকজন। এ সময় একই এলাকার শাকিল এসে হৃদয়কে টুল থেকে উঠিয়ে দিয়ে সেখানে বসে খেলা দেখতে চাইলে অস্বীকৃতি জানায় হৃদয়।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল উত্তেজিত হয়ে হৃদয়কে এলোপাথাড়ি ঘুষি ও মারধর করলে গুরুতর আহত হন হৃদয়।
তাকে আশপাশের লোকজন উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/০০৪৬ ঘ.
bdnews24