২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে তিন বিএনপি নেতা গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতিসহ তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 05:47 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

সিলেট, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতিসহ তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন জেলা সহ-সভাপতি মোজাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দলের উপজেলা সভাপতি জালাল উদ্দিন আহমদ এবং সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। সিলেট নগরীর মিরের ময়দান এলাকা থেকে বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই ঘটনায় ৬৩ জনকে গ্রেপ্তার করা হল বলে পুলিশ জানিয়েছে। সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার তিনজন সোমবার রাতে দায়ের করা দুটি মামলার আসামি। বিএনপির সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ডাকা হরতাল চলাকালে সোমবার বিশ্বনাথে সংঘর্ষে দুইজন নিহত হন। আহত হন পুলিশসহ অর্ধশতাধিক। ওই ঘটনায় সোমবার রাতেই বিএনপির আট হাজার নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা হয়েছে বিশ্বনাথ থানায়। ১৭ এপ্রিল মধ্যরাত থেকে ‘নিখোঁজ’ রয়েছেন ইলিয়াস আলী ও তার গাড়ি চালক। ঢাকার বনানীতে ইলিয়াসের বাড়ির কাছে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২৩৪২ ঘ.