২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ পশ্চিমবঙ্গে

যশোর বিমান ঘাঁটি থেকে ওড়া উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও এর পাইলট অক্ষত রয়েছেন। মুর্শিদাবাদের সালার পুলিশ স্টেশনে থাকা ওই পাইলটকে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 05:35 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

যশোর/ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে ওড়া একটি প্রশিক্ষণ বিমান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জরুরি অবতরণ করেছে। পথ হারিয়ে বিমানটি ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে বলে বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। পাইলট রাশেদ অক্ষত রয়েছেন জানিয়ে তারা বলছেন, তাকে ফেরত আনতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চলছে। যশোর বিমান ঘাঁটির কন্ট্রোল টাওয়ারে দায়িত্বরত সার্জেন্ট মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, প্রশিক্ষণ বিমান পিটি-সিক্স ৩৮০৬ বুধবার সন্ধ্যা ৬টায় বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। টাওয়ারের সঙ্গে ৬টা ৩২ মিনিটে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর ৭টা ৫৫ মিনিটে বিমানচালক ফ্লাইট ক্যাডেট রাশেদ বিমান ঘাঁটিতে ফোন করে তার অবস্থান জানান বলে সার্জেন্ট মতিউর জানিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুর্শিদাবাদের একটি গ্রামের মাঠে প্রশিক্ষণরত ক্যাডেট রাশেদ বিমানটি নিয়ে অবতরণ করেন। তিনি সুস্থ রয়েছেন। “তাকে ফিরিয়ে আনতে কূটনৈতিকভাবে যোগাযোগ করা হচ্ছে,” বলেন তিনি। সার্জেন্ট মতিউর বলেন, “ফোনে রাশেদ জানিয়েছেন, মুর্শিদাবাদের একটি মাঠে তিনি বিমানটি অবতরণ করাতে সক্ষম হয়েছেন। তবে বিমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।” ভারতের টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, মুর্শিদবাদের সালার এলাকায় জরুরি অবতরণ করে প্রশিক্ষণ বিমানটি। পাইলট রাশেদকে উদ্ধারের পর সালার পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। ঝড়ো হাওয়ার কারণে পাইলট রাশেদ একটি ক্ষেতে বিমানটি অবতরণ করাতে বাধ্য হন বলে সালার পুলিশ জানিয়েছে। এদিকে ভারতের সরকারি সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুই সিটের ওই বিমানটির সামান্যই ক্ষতি হয়েছে। এই বিষয়টি নিয়ে নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে পিটিআইকে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তা দীপাঞ্জন ভট্টাচার্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এমএইচপি/এমআই/১৩০০ ঘ.