চট্টগ্রাম, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই চট্টগ্রামের ইকবাল বলীকে হারিয়ে জব্বারের বলী খেলার নতুন চ্যাম্পিয়ন হয়েছেন ব্রাক্ষণবাড়িয়ার অলি হোসেন।
জমজমাট ও উত্তেজনাকর খেলার প্রত্যাশা থাকলেও মাত্র তিন মিনিট ৪০ সেকেন্ডেই অলির কাছে ধরাশায়ী হন রাউজান উপজেলার ইকবাল বলী।
এর আগে সেমিফাইনালে কুমিল্লার জসিম বলীকে সহজেই ধরাশায়ী করেছিলেন অলি। প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া ইকবাল ফাইনালে যান মিরসরাইয়ের লিয়াকতকে হারিয়ে।
অবশ্য গতবারের চ্যাম্পিয়ন টেকনাফের আলম বলী এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।
চ্যাম্পিয়ন হওয়ার পর এক প্রতিক্রিয়ায় অলি বলেন, “প্রথমবারের মতো বলী খেলায় এসে চ্যাম্পিয়ন হতে পেরে আমি আনন্দিত, উচ্ছ্বসিত।”
পেশায় মুদির দোকানি অলি হোসেন (২৬) আগামীবারও চট্টগ্রামের এ বলী খেলায় অংশ নেওয়ার আশা প্রকাশ করেন। বাবা মোহাম্মদ হারেছ মেম্বারও একসময় বলী ছিলেন বলে জানান তিনি।
ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহার চর গ্রামের অধিবাসী অলি দুই সন্তানের জনক।
বুধবার বিকাল ৪টার দিকে ঢোলের তালে তালে শুরু হয় দেশের অন্যতম বৃহৎ বলী প্রতিযোগিতা জব্বারের বলী খেলার চূড়ান্ত পর্ব। এসময় হাজারো দর্শকের করতালিতে মুখরিত হয়ে ওঠে ঐতিহাসিক লালদীঘি ময়দান।
সারাদেশ থেকে আসা ১০ থেকে ৭০ বছর বয়সী ৭৪ জন বলী প্রথম রাউন্ডে প্রতিযোগিতায় অংশ নেন। এতে যেমন ৭০ বছর বয়সী রাউজানের ইসহাক মিয়া ছিলেন তেমনি নগরীর ভেলুয়ার দীঘির পাড়ের তরুণ আরিয়ানও ছিলেন।
সবশেষে শুরু হয় চ্যালেঞ্জ রাউন্ড। সেমিফাইনালে চারজন বলী অংশ নিয়ে ফাইনালে ওঠে অলি ও ইকবাল।
বিকাল ৪টা ৫৮মিনিটে শুরু হয় ফাইনাল খেলা, যা স্থায়ী ছিল ৩ মিনিট ৪০ সেকেন্ড।
খেলা শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম চ্যাম্পিয়ন অলি বলীর কাছে নগদ ১৫ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। রানার্স আপ ইকবাল বলীকে দেওয়া হয় ট্রফি ও নগদ ১০ হাজার টাকা।
১৯১০ সালে নগরীর বদরপাতির বাসিন্দা আবদুল জব্বার সওদাগর ১২ বৈশাখ লালদীঘি মাঠে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেন। সেই থেকে প্রতিবছর বৈশাখের ১২ তারিখ বলী খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
এ খেলাকে ঘিরে লালদীঘি মাঠ, সিনেমা প্যালেস, টেরি বাজার আন্দরকিল্লা, কোতয়ালী মোড় সংলগ্ন আশেপাশের এক কিলোমিটার এলাকা জুড়ে বসে বৈশাখী মেলা।
এবার হয়েছে এ বলী খেলা ও মেলার ১০৩ তম আসর। এবারের বলী খেলায় রেফারির দায়িত্বে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এম এ মালেক যিনি ২৪ বছর ধরে এই প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২০১০ ঘ.
bdnews24