কিশোরগঞ্জ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বৌলাই নদীতে ট্রলার ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে।
মিঠামইন থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘাগরাবাজার থেকে চামড়াবন্দর যাওয়ার পথে বুধবার সকাল সোয়া ৮টার দিকে পাথারকান্দি ইউনিয়নে নদীতে ডুবে যায় ‘লিজা এক্সপ্রেস’ নামের ট্রলারটি। এ সময় ওই ট্রলারে অর্ধশতাধিক যাত্রী ছিলেন।
নিহতরা হলেন- শারমিন বেগম (৩০), তার ছেলে মারুফ (৪) ও বাবু (৪ মাস) এবং সুমি আক্তার (২৫) ও তার ছেলে জিসান (১)। তাদের বাড়ি ঘাগড়া ও আশাপাশের গ্রামে।
ট্রলারডুবির পরপরই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আরোহীদের মধ্যে কেউ কেউ এর আগেই সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হন।
ওসি বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে ট্রলারটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে। এ পর্যন্ত মোট পাঁচজনের লাশ পাওয়া গেছে।”
নদীতে প্রবল স্রোতের কারণে ট্রলারটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছেন ওসি।
মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম শাহজাহান জানান, তিনি ব্যাক্তিগত তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি পাঁচ হাজার টাকা করে সহায়তা করেছেন।
জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ তার নির্বাচনী এলাকায় ট্রলার ডুবিতে এই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১২৫০ ঘ.
bdnews24