ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত দিনেও এম ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ায় বিএনপির হরতালের তৃতীয় দিনে বিক্ষিপ্ত গাড়ি ভাংচুর ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজধানীতে।
মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেলেও বড় কোনো গোলোযোগ ঘটেনি।
হরতালের প্রথম দু’দিনের মতো এদিনও সকাল থেকে নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রাখে পুলিশ ও র্যাব। সকালে তল্লাশি চালানো হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের বাসায়।
মিরপুর, আজিমপুর, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় ভোরে বিএনপি কর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়া পল্টনে একটি মিছিল করার চেষ্টা হলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
সকালে কারওয়ান বাজার এলাকায় দুটি গাড়িতে আগুন দেয় হরতালকারীরা। এছাড়া এছাড়া শের-ই-বাংলা নগরে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। কারওয়ান বাজার ও বাড্ডায় কয়েকটি গাড়ি ভাংচুর করে হরতালকারীরা।
সকালে রাজারবাগ টিঅ্যান্ডটি কলোনির সামনে হাতবোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হন। এছাড়া রাজধানীর মহাখালী এলাকায় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া যায় গুলশান এলাকাতেও।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে তিন দিন হরতাল পালন শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন থেকেই তিনি পরবর্তী কর্মসূচি তুলে ধরবেন।
এদিকে কাতারে চার দিনের সফর শেষে মঙ্গলবার ভোরেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকে। ঢাকার সড়কে গত দুদিনের তুলনায় বেশি যানবাহন চলতে দেখা গেছে এদিন। চলছে টেম্পো ও অটো রিকশা ও প্রচুর রিকশা।
হরতালের কারণে চলমান এইচএসসির সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে রবি ও সোমবারের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়।
হরতালে রাজধানীর অধিকাংশ দোকান-পাট বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানও কার্যত বন্ধ। তবে অফিস-আদালত খোলা রয়েছে।
গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তার বনানীর বাড়ির কাছে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
তাকে উদ্ধারে গাজীপুরের পুবাইলে সন্দেহজনক কয়েকটি বাড়িতে অভিযান চালায় র্যাব, তবে তাকে পাওয়া যায়নি।
বিএনপি দাবি করছে, ইলিয়াসকে ‘গুম’ করেছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়েছে, বিএনপি নেতাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এসআই/এমএমআর/জেকে/১৭০০ ঘ.
bdnews24