চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে রাউজানে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরেকজন।
সোমবার সকালে রাউজানের নোয়াপাড়ায় আসহাব আলী মাতব্বর পাড়ার ইস্কান্দার আলী রানার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ সোহেল (২৫)। আহত যুবক হলেন মো. তুহিন (২৮)। তারা নোয়াপাড়ার বাসিন্দা।
তুহিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) টোটন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই চোর গভীর রাতে ইস্কান্দারের বাড়িতে চুরি করতে আসে। এসময় ঘরের মহিলারা দুজনকে ধরে ফেললে ধস্তাধস্তি করে দুজন পালিয়ে গেলেও তাদের চিনে ফেলে বাড়ির লোকজন।
ওই বাড়ির লোকজন সোহেল ও তুহিনকে চেনার কথা সকালে গ্রামবাসীকে জানালে দুই যুবককে ধরে এনে ব্যাপক মারধর করা হয় বলে পুলিশ কর্মকর্তা টোটন বলেন।
আহত অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এসআই টোটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/১৫৫৫ ঘ.
bdnews24