২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারী ওয়ার্ড কাউন্সিলরসহ আটক ২০

বিএনপির ডাকা দ্বিতীয় দিনের হরতালে চট্টগ্রামে বিক্ষিপ্ত সংঘর্ষ ও মিছিল-সমাবেশের মধ্যে এক নারী ওয়ার্ড কাউন্সিলরসহ ২০ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 06:53 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা দ্বিতীয় দিনের হরতালে চট্টগ্রামে বিক্ষিপ্ত সংঘর্ষ ও মিছিল-সমাবেশের মধ্যে এক নারী ওয়ার্ড কাউন্সিলরসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। সহিংসতা সৃষ্টির অভিযোগে সোমবার সকালে নগরীর ইস্পাহানী মোড় ও কালা মিয়া বাজার এলাকা থেকে নগর মহিলা দলের সভানেত্রী ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনিসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ইস্পাহানী মোড়ে মিছিল করা এবং গাড়ি ভাংচুরের চেষ্টা করলে ওয়ার্ড কাউন্সিলর মনিসহ নয় মহিলা কর্মীকে আটক করা হয়। সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে রোববার থেকে সারাদেশে বিএনপির এই হরতাল শুরু হয়। রোববার দিনব্যাপী হরতালের পর বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, সোমবারও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে। পুলিশ জানায়, বিএনপিকর্মীরা নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যানবাহন চলাচলের ওপর বিঘœ সৃষ্টি করার চেষ্টা চালায়। ভাংচুরও করে কয়েকটি যানবাহন। সকালে থেকে দলীয় নেতারা নাসিমন ভবনের সামনে অবস্থান নেয়। তবে পুলিশ তাদের সেখানে অবরুদ্ধ করে রাখে। নগরীর কালামিয়া বাজারে সকাল ৯টার দিকে একটি যাত্রীবাহী টেম্পু যাবার সময় বিএনপিকর্মীরা তা উল্টে দেয়। এসময় তিন নারীসহ ১১ বিএনপিকর্মীকে আটক করা হয়। পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, টেম্পু উল্টে দেওয়ায় এর কয়েকজন যাত্রীও আহত হন। এদিকে নগরীর মুরাাদপুর মোড়েও বিএনপিকর্মীরা কয়েকটি যানবাহন ভাংচুর এবং হরতালের সমর্থনে মিছিল করেছে। সেখানেও পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল কম থাকলেও মূল সড়কে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। রিকশা-অটো রিকশা, টেম্পু নিয়মিত চলাচল করলেও বাস-ট্রাক অনিয়মিতভাবে চলাচল করছে। হরতালের দ্বিতীয় দিনে স্কুল কলেজ বন্ধ থাকলেও বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কাজ চলেছে যথারীতি। ব্যাংক-বীমা প্রতিষ্ঠান খোলা থাকলেও লেনদেন চলেছে সীমিত আকারে। অফিস আদালতে লোকজন উপস্থিতি ছিল কম। হরতালে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও আন্তঃনগর ও মেইল ট্রেন ছেড়ে গেছে। বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজ স্বাভাবিক থাকলে মালামাল সরবরাহ হচ্ছে খুবই কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১২৪৫ ঘ.