ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীকে ‘ফিরিয়ে দেওয়ার’ দাবিতে জাতীয় সংসদ ভবন চত্বরে মিছিল করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
বিএনপির ডাকা হরতালের দ্বিতীয় সোমবার সকাল ১০টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বেএই মিছিল শুরু হয়। বিরোধী দলের ১৮ জন সাংসদ এতে অংশ নেন।
সংসদ ভবন এলাকার সড়ক ঘুরে এসে আবার দক্ষিণ প্লাজায় এসে শেষ হয় তাদের মিছিল। সেখানে বিএনপি নেতারা ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদ জানিয়ে বক্তৃতা করেন।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে এম কে আনোয়ার বলেন, ইলিয়াস আলীকে ফিরে না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
অন্যদের মধ্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল খায়ের বাবলু, হারুন অর রশিদ ও আশিফা আশরাফী পাপিয়া এ সময় বক্তব্য দেন।
গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ সাবেক সাংসদ ইলিয়াস আলী। ওই রাতে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে ‘উদ্ধারে’ র্যাব গাজীপুরের পুবাইলে সন্দেহজনক কয়েকটি বাড়িতে অভিযান চালালেও পাওয়া যায়নি এই বিএনপি নেতাকে।
ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে রোববারের পর সোমবারও হরতাল পালন করছে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১৪০ ঘ.
bdnews24