সিলেট, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা সিলেটে হরতালের সময় সংঘর্ষের ঘটনায় দলটির সাড়ে ১২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে ৬টি মামলা করেছে পুলিশ।
রোববার গভীর রাতে দায়ের করা এসব মামলায় হরতালের সময় ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
ছয় মামলার মধ্যে সিলেটের বিশ্বনাথ থানায় তিনটি, কোতয়ালী থানায় দুটি ও জালালাবাদ থানায় হয়েছে একটি মামলা।
সিলেট কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, রোববার জিন্দাবাজার ও বন্দরবাজারে পুলিশের সঙ্গে বিএনপি ও ১৮ দলীয় জোট কর্মীদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলায় ৬০০ জনকে আসামি করা হয়েছে।
হরতাল চলাকালে টুকেরবাজার এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জালালাবাদ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। এতে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৪৫০ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে ওসি গৌছুল হোসেন জানান।
ওই থানার এস আই আব্দুল লতিফ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
এদিকে হরতাল চালাকালে বিশ্বানাথ থানা ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ওপর হামলার অভিযোগে বিশ্বনাথ থানায় তিনটি মামলা হয়েছে।
সিলেটের পুলিশ সুপার শাখাওয়াত হোসেন জানান, পুলিশের দায়ের করা এসব মামলায় আসামি করা হয়েছে বিএনপির ২০০ নেতাকর্মীকে।
রোববার দুপুরে হরতাল চলাকালে সিলেট নগরীর জিন্দাবাজার ও বন্দরবাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
বিশ্বনাথে বিএনপি ও রামধানা গ্রামবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। এছাড়া টুকেরবাজার তেমুখী এলাকায় সংঘর্ষে আহত হন অন্তত ১৫ জন।
বিশ্বনাথের সাবেক সাংসদ ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ। ওই রাতে রাজধানীর মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে ‘উদ্ধারে’ র্যাব গাজীপুরের পুবাইলে সন্দেহজনক কয়েকটি বাড়িতে অভিযান চালালেও সন্ধান মেলেনি এই বিএনপি নেতার।
ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতালের পর সোমবারও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৫০ ঘ.
bdnews24