ময়মনসিংহ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ কোন্দলের জেরে একদল ডাকাত তাদের দুই সহযোগীকে খুন করেছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার রাতে ময়মনসিংহের গৌরিপুরে এ হামলায় নিহত হন সাইফুল ইসলাম ও আনিস।
আনিস মৃত্যুর আগে এ ঘটনা জানান বলে পুলিশ বলেছে।
গৌরিপুর থানার ওসি দীপক চন্দ্র মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে মজিবর, রফিক, বারেক, খোকন, সাইফুল, আনিস, মাহবুবসহ আরো কয়েকজন ডাকাত মইল্যাকান্দা নামাপাড়া গ্রামের টাঙ্গুয়া সেতুতে জড়ো হয়।
এক পর্যায়ে মতবিরোধ হলে মজিবর, রফিক, বারেক, খোকন ও মাহবুব ও অন্যরা সাইকুলকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই সময় আনিস এর প্রতিবাদ করলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় আনিস দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে গৌরিপুর থানা পুলিশ তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রোববার সকালে তার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, সাউফুলের বিরুদ্ধে গৌরিপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে। প্রায় আট মাস আগে তিনি জামিনে মুক্ত হন। আনিসও একই মামলার পলাতক আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৫১ ঘ.
bdnews24