২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি, আহত ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শনিবার রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শনিবার রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী ও শালমদী গ্রামে এ দুই ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাকাতরা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে। ডাকাতদের হামলায় আহত আগুয়ান্দী গ্রামের নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাত ১টার দিকে ২০/২৫ জন মুখোশধারী ডাকাত বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢোকে। ডাকাতরা তাকেসহ ছোট ভাই সিরাজুল ইসলাম (২৮) ও চাচাতো ভাই জব্বর আলীকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এছাড়া নগদ তিন লাখ ২০ হাজার টাকা, সাত ভরি ওজনের স্বর্ণালংকার এবং তিনটি মোবাইল ফোন সেটসহ মূল্যবান মালামাল লুট করে। অপর ডাকাতির শিকার শালমদী গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আলম বলেন, রাত ২টার দিকে তার টিনশেড বাড়ির ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির লোকজনকে মারধর করে এবং প্রায় ১২ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকারসহ মালামাল লুট করে। তাদের বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে ডাকাতরা। ঘটনার সত্যতা স্বীকার করে আড়াইহাজার থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক মো. গিয়াসউদ্দিন বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১২৮ ঘ.