শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাইবার ক্রাইম প্রতিরোধে কমিটি গঠনের তিন মাসের মাথায় ই-মেইলে অভিযোগ ও পরামর্শ নেওয়া শুরু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির বিশেষ টিম।
রোববার থেকে অভিযোগ ও পরামর্শ নেওয়া শুরু হয়েছে বলে জানান বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (সিএসআইআরটি) নামে ওই দলের প্রধান বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ।
গত ২৫ জানুয়ারি থেকে সিএসআইআরটি’র ১১ সদস্যর একটি দল সাইবার ক্রাইম শনাক্তে কাজ শুরু করে।
গিয়াসউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে contact@csirt.gov.bd ঠিকানায় সাইবার ক্রাইম প্রতিরোধে অভিযোগ ও পরামর্শ নেওয়া শুরু হয়েছে। অভিযোগ পাওয়া মাত্র তদন্ত করে গুরুত্ব বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
রাষ্ট্রীয়, সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায়- এমন ওয়েবসাইট শনাক্ত করে ব্যবস্থা নেওয়াই সিএসআইআরটি’র মূল কাজ।
গিয়াসউদ্দিন বলেন, “গুরুত্বপূর্ণ অপরাধের ক্ষেত্রে তাৎক্ষণিক ওয়েবপেজ বন্ধ করে দেওয়ার মতো ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য অপারাধের জন্য অপরাধীকে সতর্ক করে দেওয়া হবে এবং সতর্ক না হলে সেই ওয়েবপেজও বন্ধ করে দেওয়া হবে।”
তবে সব অপরাধীর বিরুদ্ধেই প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সিএসআইআরটি দল কিছুদিনের মধ্যেই সাইবার অপরাধ বিষয়ে একটি ওয়েব পেইজ তৈরি করবে উল্লেখ করে ভাইস চেয়ারম্যান বলেন, এ ওয়েবপেজের মাধ্যমে সবাই সাইবার ক্রাইম বিষয়ে সচেতন হতে পারবে।
জানুয়ারি থেকে কাজ শুরু করলেও বিটিআরসি সাইবার ক্রাইম বিষয়ে তথ্য দেওয়ার জন্য কোন ওয়েব সাইট বা ই-মেইল ঠিকানা দিতে পারছিল না। এ ঠিকানা না থাকাতে অনেক ক্ষেত্রেই অপরাধ মূলক ওয়েবসাইট বা পেজ বন্ধ করার জন্য আদালত যেতে হয়েছে।
গত ২১ মার্চ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ ওঠা কয়েকটি ফেইসবুক পেইজ এবং একটি ওয়েবসাইট বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত। পরে এ বিষয়ে ব্যবস্থা নেয় বিটিআরসি।
এর আগে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে মন্তব্য করার ঘটনা ঘটে, যা আদালত পর্যন্ত গড়িয়েছে।
সাইবার ক্রাইম অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী অপরাধীকে ২ থেকে সর্বোচ্চ ৫ বছরের সাজা এবং ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানা দিতে হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৮৩০ ঘ.
bdnews24