২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদ শেষে আর থাকতে চান না বিমানের এমডি

বিমানকর্মীদের আন্দোলনের মধ্যে জাকিউল ইসলাম তার ইচ্ছা জানিয়েছেন এবং তা মেনে নিয়েছে বিমানের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 06:46 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনরায় নিয়োগ চান না জাকিউল ইসলাম। নিজের ইচ্ছার কথা শুক্রবার বিমানের পরিচালনা পর্ষদের সভায় তিনি তুলেছেন এবং পর্ষদও তা মেনে নিয়েছে বলে বৈঠকে অংশ নেওয়া এক জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ এবং পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বিমানকর্মীদের আন্দোলনের মধ্যে জাকিউল এই পদক্ষেপ নিলেন। শুক্রবার রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থার পরিচালনা পর্ষদের বৈঠকের সময়ও বাইরে বিক্ষোভ করে আন্দোলনরত বিমানকর্মীরা। বিমানের পরিচালনা পর্ষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিমানের এমডির মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে। জাকিউল ইসলাম একটি আবেদন জানিয়েছেন, তাকে যেন নতুন করে নিয়োগ দেওয়া না হয়। “এর ভিত্তিতে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, তার মেয়াদ শেষ হলে চেয়ারম্যান কাউকে চলতি দায়িত্ব দিয়ে নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।” বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ২০০৯ সালের জুন মাসে নিয়োগ পান এয়ার কমোডর জাকিউল। এমডি জাকিউল কয়েকদিন আগে পদত্যাগপত্র দিয়েছেন বলে গুঞ্জন শোনা গেলেও তা নাকচ করেছেন বিমান কর্মকর্তারা। এই বিষয়ে বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (জাকিউল) গতকাল (বৃহস্পতিবার) অফিস করেছেন। আজও পরিচালনা পর্ষদের সভায় ছিলেন।” জাকিউল এমডি পদে যোগ দেওয়ার আগে বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে দায়িত্ব পালন করেন। ওই নিয়োগের আগে তৎকালীন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জি এম কাদের বলেছিলেন, এভিয়েশন ব্যবসায় অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিকেই তারা নিয়োগ দিতে চান। তবে এয়ার কমোডর জাহেদ কুদ্দুসের পদত্যাগের পর জাকিউলের নিয়োগের ক্ষেত্রে মন্ত্রীর ওই কথা প্রতিফলিত হয়নি। জাকিউল ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন। বুয়েট থেকে øাতক ডিগ্রি নেওয়ার পর তিনি ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও চীনে পড়াশোনা করেন। জাকিউল বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/০০৪০ ঘ.