ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গুপ্তহত্যা ও গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, এই ধরনের চর্চা গণতন্ত্রের জন্য হুমকি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সভায় তিনি বলেন, “বাংলাদেশে শেখ হাসিনার সরকারের এক অদ্ভুত গণতন্ত্র চলছে। গত ২৭ মাসে একশর ওপর মানুষ গুম হয়েছে।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায়ও সরকারের সমালোচনা করেন সিপিবি সভাপতি।
“তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপির সময়েও এই ধারা চালু ছিল” উল্লেখ করে মনজুর বলেন, “ইলিয়াস আলী এই গুমের রাজনীতির সর্বশেষ শিকার।”
“একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে এইভাবে গুম, হত্যা চলতে পারে না। একজন খুনের আসামিরও বিচার পাওয়ার অধিকার আছে,” ক্ষোভ প্রকাশ করেন তিনি।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলনে জনদুর্ভোগ অবসানে সরকারের ব্যর্থতারও সমালোচনা করেন সিপিবি সভাপতি।
তিনি বলেন, মানুষ এখন বলছে, ‘শেখ হাসিনার ডিজিটাল অগ্রগতি, সন্ধ্যার পর মোমবাতি’। ‘বিদ্যুত, গ্যাস, পানি নাই, এই সরকারের দরকার নাই’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরআর/এমআই/২২০৬ ঘ.
bdnews24